Followers

Sunday, 10 June 2012

জেনে নিন সর্বোত্তম এবাদত কি এবং কিসে তকদির পরিবর্তন করে !!

মহান রাব্বুল আলামিন পরম করুণাময় অসীম দয়ালু । তিনি চান আমরা উনার কাছে চাই । উনি উনার বান্দাকে দিতে পছন্দ করেন । মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খূশী হয় । চলুন জেনে নেই আল্লাহর কাছে চাওয়া বা দোয়ার ফজিলত :

* নোমান বিন বশির (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, দোয়া ইবাদতের মগজ । (আবু দাউদ)

* হযরত আবু হুরাইরাহ (রা.) হতে বর্ণিত, রাসূলে করিম (সা.) বলেছেন, দোয়াই প্রকৃত ইবাদত । (কানজুল উম্মাল)

* হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত, রাসূলে (সা.) বলেছেন, সর্বোত্তম এবাদত , দোয়া করা ।

* হযরত ছওবান (রা.) হতে বর্ণিত, ছৈয়দে আলম সল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এরশাদ করেন, দোয়া তকদির পরিবর্তন করে ।

* হযরত আনাছ (রা.) হতে বর্ণিত, সরকারে দো'আলম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এরশাদ করেছেন, তোমরা আল্লাহর দরবারে দোয়া কর, কেননা দোয়া নির্ধারিত তকদির ও পরিবর্তন করে দেয় ।

* সরকারে দো'আলম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এরশাদ করেছেন, তোমরা দোয়া করতে কুন্ঠিত হয়ো না । কেননা দোয়া করে কেউ ধ্বংস হয় নি ।

* হযরত আনাছ (রা.) হতে বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এরশাদ করেছেন, তোমরা প্রত্যেক হাজত পূরণের জন্য আল্লাহর নিকট চাও , এমনকি জুতার ফিতা ছিড়ে গেলে, তাও আল্লাহর নিকট চাও । (তিরমিজী শরীফ )

* হযরত সালমান (রা.) হতে বর্ণিত , রাসূল (সা.) এরশাদ করেছেন , আল্লাহ তায়ালা ঐ বান্দাকে লজ্জা করেন যখন সে তার নিকট দু'হাত উঠায় আর ঐ দু'হাত খালি ফেরত দেয়া হয় ।
(মুছতাদরেক প্রথম খন্ড)

* হযরত আবদুল্লাহ বিন আমর বিন আ'ছ হতে বর্ণিত, একদা রাসূল (সা.) দু'হাত তুলে আল্লাহর দরবারে এরূপ দোয়া করলেন, আমার উম্মতকে ক্ষমা করে দাও, মাফ করে দাও । অতপর ক্রন্দন করলেন ।
(মুয়ালেমুত তানজিল , ২১৫ পৃষ্ঠা)
বর্তমানে পর্ণগ্রাফির ভয়াবহ বিস্তার ঘটেছে কম্পিউটার , মোবাইল ও ইন্টারনেটের কারণে । পথে ঘাটে অবাধে প্রকাশ্যে এডাল্ট সিডি বিক্রয় হচ্ছে । ঘরে ঘরে কম্পিউটার ও মোবাইল তা দেখা সহজ করে দিয়েছে । আর ইন্টারনেট থাকলে তো কথাই নেই । বর্তমান যুব সমাজের নিকট ১৮+ ছবি দেখা একটি স্বাভাবিক ও নিয়মিত ব্যাপার । অনেকে এটার প্রতি চরম আসক্ত হয়ে গেছে । এমনও উদাহরণ আছে, যারা নামাজ রোজা করেও এর নেশা থেকে মুক্ত হতে পারছেনা । অথচ এর পরিণতি যে কত ভয়াবহ, তা মানুষ উপলব্ধি করেনা ।

এটা শয়তানের একটা মারাত্নক ও অব্যার্থ অস্ত্র । শয়তান এই অস্ত্র দ্বারা মানুষের মনে খুব সূক্ষভাবে আস্তে আস্তে স্রষ্টা বিষয়ে সন্দেহ তৈরী করে এবং মানুষের ঈমান ছিনিয়ে নেয় ।তার মনে কুমন্ত্রণা দেয় এসব করার জন্য ও দেখার জন্য । অবোধ মানুষ টেরও পায় না সে তার এই নেশার কারণে দুনিয়া ও আখেরাত সবই হারায় । মানুষ ঈমান হারা হতে তৈরী হয়ে যায় যেনা করার বিনিময়ে । এর ভয়াবহ নেশায় বুদ হয়ে সব কিছূ হারায় । খুব সূক্ষভাবে মনের মধ্যে প্রবেশ করিয়ে দেয় যে খোদার কাছে মাফ চেয়ে নিলে হবে তারপরে মনে গেথে দেয় খোদা বলে কিছু নেই , মজা লইয়া লও । এভাবেই সে ঈমান হারা হয়ে যায় ।

কুরআন ও হাদীস অনুসারে যেনার পরিণতিঃ

যিনা - ব্যাভিচার একটি মারাত্নক গুনাহ ও সামাজিক ব্যাধি । রাসূলে করিম (সাঃ) বলেছেন, ' আল্লাহর সাথে কাউকে শরীক করার পর নিষিদ্ধ নারীর সাথে সহবাস করার মতো বড় গুনাহ আর নেই ।' (আহমদ)

চিন্তা করে দেখেন , শিরক হলো এমন গুনাহ যা আল্লাহ মাফ করবেন না বলে কুরআনে বলে দিয়েছেন । তারপরের বড় গুনাহ হলো যেনা ।

হাদিসে আরো আছে, 'যে ব্যাক্তি কোন নিষিদ্ধ নারীকে স্পর্শ করবে, কিয়ামতের দিন তার হাত ঘাড়ের সাথে যুক্ত থাকবে । আর কেউ যদি কোন নিষিদ্ধ নারীকে চুমু দেয় কিয়ামতের দিন তার ঠোট কাঁচি দিয়ে কাটা হবে । '

সহবাস ছাড়াও বিভিন্নভাবে যিনা হতে পারে । এক হাদিসে আছে, 'কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের যিনা, অশ্লীল কথা বলা জিহ্বার যিনা, স্পর্শ করা হাতের যিনা, ব্যাভিচারের উদ্দেশ্যে হেটে যাওয়া পায়ের যিনা, খারাপ কথা শোনা কানের যিনা আর যিনার কল্পণা করা মনের যিনা । (বুখারী)

বর্তমান এই খারাপ সময়ে কয়জনে এরূপ যেনা থেকে মুক্ত থাকতে পারছে ? যেনা করতে না চাইলেও চোখের সামনে দেখে মনের মধ্যে কুচিন্তা এসে যায় ।

আল্লাহতা'য়ালা যিনাকে হারাম ঘোষণা করে বলেন, 'তোমরা যিনার কাছেও যাবে না । কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ । (সূরা বনী ইসরাঈলঃ ৩২)

মহানবী (সাঃ) বলেছেন, " যে ব্যাক্তি যেনা করে কিংবা মদ পান করে, আল্লাহ তার কাছ থেকে ঈমান ছিনিয়ে নেন, যে ভাবে কোন ব্যাক্তি তার জামা মাথার উপর দিয়ে খুলে ফেলে । (হাকেম)

এ হাদিসের মর্ম কথা হলো, যেনা করার পরিণতি হলো ঈমান হারা হওয়া । এটা এমন একটা জঘন্য পাপ যে, মানুষ যখন তা করে আল্লাহ মানুষের সবচেয়ে মূল্যবান জিনিষ ঈমানকেই নিয়ে নেন ।


যিনা থেকে বাচার উপায় কিঃ

যিনা একটি মারাত্নক ও ভয়াবহ রোগ , যা নেশা হয়ে গেলে তার থেকে মুক্ত পাওয়া খুব কঠিন । কিন্তু এর থেকে মুক্ত না হলে পরিণতিও হয় ভয়াবহ । ব্যাক্তিগত ও সমাজ জীবনে অশান্তি, নৈতিকতার স্খলন, ব্যাভিচার বৃদ্ধি , যৈান জীবন ধ্বংস এবং বৈবাহিক সম্পর্কের অবনতি হয়।


এর থেকে বেচে থাকার জন্য সব সময় সচেষ্ট থাকতে হবে । সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে । বর্তমান কঠিন সময়ে এর থেকে বাচা খুবই কঠিন ।

প্রথমতঃ আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে হবে এবং কান্নাকটি করে মাফ চাইতে হবে । মনে কঠিন সংকল্প করতে হবে এবং সব সময় এই সংকল্প নতুন করে যাচাই করতে হবে ও আওড়াতে হবে ।

দ্বিতীয়তঃ পাচ ওয়াক্ত নামাজ সহিহ সুন্দর করে জামাতে পড়ার চেষ্টা করতে হবে এবং নামাযের পাবন্দী করতে হবে । নামায নিয়মিত হলে তা মানুষকে পাপ থেকে বিরত রাখে ।

আল্লাহ তা'য়ালা বলেন,

ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা-ই ওয়াল মুনকার ।
'নিশ্চয়ই নামায অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে ।' অর্থাৎ নামাযের হক আদায় করে ব্যাক্তিগত ও সমাজ জীবনে নামায প্রতিষ্ঠা করার মাধ্যমে
সমাজ থেকে যাবতীয় অশ্লীল ও অন্যায় কাজ দূর করার জন্য চেষ্টা ও সাধনা করতে হবে ।

তৃতীয়তঃ সব সময় আল্লাহ যিকিরে থাকতে হবে । মনে মনে সব সময় আল্লাহকে স্মরণ রাখতে হবে । যখন যে অবস্হায় থাকা হয় না কেন মনে রাখতে হবে যে, আল্লাহ সব কিছু দেখেছেন এবং তিনি হাশরের ময়দানে সবকিছুর হিসাব নিবেন । এবং পাপের জন্য কঠিন শাস্তি দিবেন ।

চতুর্থতঃ সময় সুযোগ করে তাবলীগে সময় দিলে মানুষের মনের অনেক পরিবর্তন হয় এবং দিলের মধ্যে নূর পয়দা হয় । নিয়মিত প্রতিমাসে তাবলীগে সময় দিলে মানুষ খারাপ কাজ ত্যাগ করে ধার্মিক মানুষে পরিণত হয় । সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ মানুষের মধ্যে ঈমান বৃদ্ধি করে । তাই মাঝে মাঝে সকলেরই তিনদিন, দশদিন , চিল্লা ও তিন চিল্লা দেওয়া উচিত ।

পন্চমতঃ সমাজ থেকে অশ্লীলতা ও খারাপ কাজ দূর করার জন্য সচেষ্ট থাকা উচিত । এটা একটা সংক্রামক রোগ । একজনের কাছ থেকে আরেকজনে ছাড়ায় । তাই শুধু একা এর থেকে বেচে থাকা যাবেনা । তা দূরীকরণে সচেষ্ট হতে হবে ।

সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হলো আল্লাহকে ভয় না পাওয়া ও দোযখের ভয়াবহ শাস্তির কথা ভূলে যাওয়া

আল্লাহ তায়ালা কুরআনের বিভিন্ন জায়গায় দোযখের আগুনের ভয় প্রদর্শন করেছেন ।

আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
"আমি তোমাদেরকে জ্বলন্ত অগ্নিকুন্ডের ব্যাপারে বারবার সাবধান করে দিয়েছি । ' (সূরা লাইলঃ ১৪)

মানুষ দুনিয়ার জীবন নিয়ে এতই ব্যস্ত ও মশগুল যে, তার মনেই থাকেনা যে একদিন তার মৃত্যু হবে । মৃত্যুর পরই যে তার উপর কবরের আযাব ও পরে জাহান্নামের শাস্তি তাকে দেওয়া হবে তার পাপের জন্য সেটা সে বেমালুম ভূলেই যায় । হাজার চেষ্টা করেও কোন মানুষ এ দুনিয়াতে চিরজীবন বাস করতে পারবেনা । চোখের সামনে মানুষের মৃত্যু দেখেও মানুষের হুশ হয়না । পাপে সে এমন নিমজ্জিত হয়ে যায় যে, মৃত্যু আসার আগ পর্যন্ত তার হুশ হয় না । মৃত্যুর পরই সে তার পাপের জন্য ভয়াবহ কঠিন আযাবে গ্রেফতার হয়ে যায় ।

সূরা কামারে আল্লাহ পাক বলেন,
" যেদিন তাদেরকে মূখ হেচড়ে টেনে জাহান্নামে নেওয়া হবে; বলা হবে, অগ্নির খাদ্য আস্বাদন কর ।"

জাহান্নামের শাস্তি সমূহ হলোঃ

১.গরম পানি মাথায় ঢালা হবে ।
২. লোহার মুগুল দ্বারা পেটানো হবে ।
৩. আগুনে পোড়ানো হবে । তারপর চামড়া পুড়ে গেলে তা পরিবর্তন করে নতুন চামড়া লাগিয়ে আবার পোড়ানো হবে ।
৪.শিকল দ্বারা বেধে রাখা হবে ।
৫. কাটাযুক্ত বৃক্ষ যাক্কুম হবে - খাবার । যা হজমও হবে না আবার বাহির ও হয়ে যাবে না ।

হযরত নোমান ইবনে বশীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, দোযখে সে ব্যাক্তির শাস্তি হবে সবচেয়ে অল্প ও হালকা, যাকে আগুনের এক জোড়া জুতো আগুনের ফিতাসহ পড়ান হবে । যার ফলে পাতিলের পানি টগবগের ন্যায় তার মাথার মগজ টগবগ করে গলিত হয়ে ঝড়তে থাকবে । আর সে ব্যাক্তি মনে করবে যে, তাকেই বোধহয় সর্বাধিক শাস্তি দেয়া হচ্ছে । অথচ তার শাস্তি হবে সবচেয়ে কম । (মেশকাত)

কারা সহজেই জান্নাতে প্রবেশ করবে ? শুধু নামায রোযা জান্নাতের জন্য যথেষ্ট নয় ।

হযরত হাসান (রাযিঃ) রেওয়াত করেন, মহানবী (সাঃ) ইরশাদ করেন করেছেন,

' আমার উম্মতের আবদাল বুযুর্গগণ নামায রোযার আধিক্যের কারণে বেহেশ্তে প্রবেশ করবে না ; বরং তারা বেহেশ্তে এ জন্যে যাবে যে, তাদের অন্তর হবে নিস্কুলুষ ও হিংসা বিদ্বেষমুক্ত এবং তাদের হৃদয় হবে উদার, সকলের প্রতি তারা হবে দয়ার্দ্রচিত্ত ও সহানুভূতিশীল । '

হুযুর আকরাম (সাঃ) ইরশাদ করেছেন,

'জান্নাতে কেবল দয়ার্দ্রচিত্ত লোকেরাই প্রবেশ লাভ করবে ।' সাহাবায়ে কেরাম আরজ করলেন, - 'ইয়া রাসূলুল্লাহ ! আমরা সকলেই তো দয়ার্দ্রচিত্ত ।' মহানবী (সাঃ) বললেন, - 'কেবল নিজের প্রতি দয়া ও অনুকম্পা প্রদর্শনই যথেষ্ট নয় ; বরং প্রকৃত দয়া হচ্ছে , নিজের প্রতি এবং সেই সঙ্গে অপরের প্রতিও দয়ার্দ্রচিত্ত ও সহানুভূতিশীল হতে হবে । '

নিজের প্রতি দয়া ও রহম প্রদর্শনের অর্থ হচ্ছে , - সমস্ত পাপকার্য পরিহার করে খালেছ তওবা করতঃ নিষ্ঠার সাথে আল্লাহর আনুগত্য ও ইবাদত বন্দেগীতে লিপ্ত থেকে আখেরাতের আযাব হতে আত্নরক্ষা করা । আর অপরের উপর রহম করার অর্থ হচ্ছে , কোন মুসলমানকে কষ্ট না দেওয়া ।

হুযুর আকরাম (সাঃ) ইরশাদ করেছেন,

'প্রকৃত মুসলমান হচ্ছে সে , যার কথায় ও কাজে অপর কোন মুসলমান কষ্ট না পায় ; বরং তার দ্বারা সকলেই শান্তি পায় । '

মহানবী (সাঃ) আরো ইরশাদ করেছেন,

' মহৎ ও দয়াশীল লোকদের প্রতি অনন্ত দয়াবান (আল্লাহ) অনুগ্রহ করেন । সুতরাং দুনিয়ার মাখলুকের প্রতি তোমরা দয়া ও অনুগ্রহ প্রদর্শন কর, তাহলে উর্ধ্বজগতের সকলেই তোমাদের প্রতি অনুগ্রহ করবে ' ।

শুধু মুসলমানই নয়, গোটা মানব বরং জীব-জন্তুর প্রতিও রহম করতে হবে । হাদীস শরীফে আছে - কোন পথিক কঠিন পিপাসায় পতিত হয় । একস্হানে একটি কুয়া দৃষ্টিগোচর হলে, তাতে নেমে সে পানি পান করে উপরে উঠার পর দেখে , একটি কুকুর পিপাসায় কাতর হয়ে দাড়িয়ে আছে এবং পিপাসার আতিশয্যে জিহ্ববা বের করে রেখেছে । পথিক ভাবলো , পিপাসায় আমার যে অবস্হা হয়েছিলো, এটিরতো অনুরূপ অবস্হা হয়েছে । একথা ভেবে সে নিজের পা থেকে চামড়ার মোজা খুলে তাতে পানি ভরে কুকুরটিকে পান করালো । আল্লাহ তায়ালা পথিকের এই কাজটিকে পছন্দ করলেন এবং তাকে মাফ করে দিলেন । সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, 'ইয়া রাসূলুল্লাহ ! তা হলে কি জীব-জানোয়ারের প্রতিও রহম করলে তাতে আমাদের জন্য সওয়াব রয়েছে ? মহানবী (সাঃ) বললেনঃ অবশ্যই , প্রাণীর প্রতি দয়া প্রদর্শনে আল্লাহ তায়ালা সওয়াব রেখেছেন ।'

মহানবী (সাঃ) আরো ইরশাদ করেছেনঃ 'যে ব্যাক্তি অন্যের প্রতি দয়া করে না, সে অন্য করো দয়া পায় না । অনুরূপ যে অপরকে ক্ষমা করে না, সে করো ক্ষমা পায় না । '

সূত্রঃ মুকশাফাতুল কুলুব -আত্নার আলো । ইমাম গাজ্জালী (রহঃ) ।

কার জন্য জান্নাত অবধারিত ও কারা জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে ?

হাদীস শরীফে আছে,

' যে ব্যাক্তি কোন ক্ষুধার্তকে অন্ন দান করবে, জান্নাত তার জন্য অবধারিত । আর যদি কেউ ক্ষুধার্তর সম্মুখ থেকে খাদ্য সরিয়ে নেয় , কিয়ামতের দিন আল্লাহ তা'য়ালা তার থেকে আপন করুণা সরিয়ে রাখবেন এবং তাকে দোযখের শাস্তি দিবেন । '

আল্লাহর রসূল (সাঃ) আরো ইরশাদ করেন,

'স্বল্প ইবাদতকারী দয়ালু ও মহৎ ব্যাক্তি অধিক ইবাদতকারী কৃপণ ব্যাক্তি হতে শ্রেষ্ঠ ।'

হাদিস শরীফে আছে, 'চার প্রকারের লোক ক্বিয়ামতের দিন বিন হিসাবে বেহেশ্তে প্রবেশ করবেঃ

১. যে আলেম স্বীয় এলেম অনুযায়ী আমল করে ।
২. যে ব্যাক্তি সর্ববিধ অশোভন কাজ ও ঝগড়া বিবাদ হবে মুক্ত পবিত্র থেকে হজ্ব সমাধা করে ।
৩. যে ব্যাক্তি ইসলামের কালেমা বুলন্দ করার উদ্দেশ্যে জিহাদ করে শহীদ হবে ।
৪. যে দয়ালু ও মহৎ ব্যাক্তি হালাল উপার্জন করে এবং একমাত্র আল্লাহকে সস্তুষ্ট করার উদ্দেশ্যে দ্বীনের পথে অর্থব্যয় করে ।

এসব লোক সমভাবে (বিনা হিসাবে) জান্নাতে প্রবেশ করবে, কেউ কারও আগে যাওয়ার জন্য বিবাদ করবে না ।'

সূত্রঃ মুকশাফাতূল ক্বুলুব । আত্নার আলো - ইমাম গাজ্জালী (রহঃ)

-----------------------------------------------------------------
এখন আমরা উপরোক্ত হাদিস সমূহের আলোক নিজেদের যাচাই করে নেই আমরা কি জান্নাতকে নিজেদের জন্য অবধারিত করতে পেরেছি ?

আমরা কি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার দলের কেউ হতে পারব ?

সম্পদের জন্য কতটুকু পরিশ্রম করা উচিত ? সর্বাধিক সুখী ব্যাক্তি কারা ?

আমরা মানুষ , আমাদের লোভের কোন সীমা নাই । আমরা আমাদের সম্পদ বৃদ্ধির জন্য প্রাণান্তকর পরিশ্রম করি । অথচ এভাবে প্রাণান্তকর পরিশ্রম করে নিজেকে কষ্ট দেয়া অনুচিত ।

বর্ণিত আছে, হযরত মূসা (আঃ) তার প্রতিপালককে জিজ্ঞাসা করেছিলেন যে, (হে খোদা) , আপনার বান্দাদের মধ্যে কে সবচেয়ে ধনী ? আল্লাহপাক বলেন, আমি যতটুকু দিয়েছি ততটুকুর উপর যে সন্তুষ্ট । আবার প্রশ্ন করলেন, আপনার বান্দাদের মধ্যে কে সর্বাধিক ইনসাফগার ? আল্লাহপাক বললেন, 'যে নিজের প্রতি ইনসাফ করে (অর্থাৎ যে নিজেকে অহেতুক কষ্ট দেয় না )' ।

প্রকৃত বুদ্ধিমান লোক তারাই যারা অহেতুক নিজের সাধ্যের অতিরিক্ত পরিশ্রম করে নিজেকে কষ্ট দেয়না । যারা অল্পে তুষ্ট থাকে এবং সহজ সরল জীবন যাপন করে ।

মহানবী (সাঃ) বলেছেন,

'ধনী-গরীব নির্বিশেষে প্রত্যেকেই কিয়ামতের দিন আরজু প্রকাশ করবে, আহা কত ভালো ছিলো, যদি আমি দুনিয়াতে জীবন ধারণের পরিমাণ রুজি ই শুধু পেতাম ।'

যার যত সম্পদ হবে , হাশরের মাঠে তার তত কঠিন হিসাব হবে । সুলায়মান (আঃ) বাদশাহী পেয়েছিলেন বলে উনি সকল নবীদের শেষে বেহেশ্তে যাবেন । আমাদের নবী (সাঃ) চরম দারিদ্রতার জীবন যাপন করে গেছেন । পেটে পাথর বেধে দ্বীনের কাজ করেছেন । রাত্রে বাতি জ্বালানোর তেলও ঘরে থাকতোনা । উদার হস্তে দান করতেন । অথচ আমরা উনার উম্মত হয়ে উল্টা পথে হাটছি !

একজন জ্ঞানী বলেছেন, আমি দেখেছি সর্বাধিক চিন্তা পেরেশানীতে থাকে হিংসুক ; সর্বাধিক সুখী জীবনের অধিকারী 'যা আছে তার উপর' তুষ্টপ্রাণ মানুষ ; সর্বাধিক কষ্ট সহ্য করতে হয় লালসা পূর্ণ ব্যাক্তিকে । আরো দেখেছি, যারা দুনিয়াকে বর্জন করে, তারা সহজ জীবন অর্জন করে । যে আলেম শরীয়তের সীমা লংঘন করে তাকে সর্বাধিক লজ্জিত ও লান্হিত হতে হয় ।

তাই আসুন ভাইয়েরা / বোনেরা, আমরা দুনিয়ার সম্পদের জন্য লালায়িত না হই এবং সহজ সরল শান্তিময় জীবন অর্জন করি । আল্লাহ আমাদের সকলকে সে তৈাফিক দান করুন । আমিন ।


সূত্রঃ মুক্কশাফাতুল ক্বুলুব । ইমাম গাজ্বালী (রহঃ)

মৃত্যুর পরও মানুষ একে অপরের কথা শুনতে পায় !!

বিশ্বনবী (সাঃ) এর হাদিস দ্বারা সুষ্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, মৃত্যুর পরও মৃত ব্যাক্তিগণ একে অপরের কথা আমাদের মতই কথা শুনতে পায় ।

মহানবী (সাঃ) বলেছেন,
"মৃত লাশ চৈাখাটে রেখে কবরস্হানে নেয়ার জন্য মানুষ যখন কাধে বহন করে, তখন সে পূণ্যবান হলে বলে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো । আর যদি সে পূণ্যবান না হয় , তাহলে স্বীয় পরিজনকে বলে, হায় ! আমার ধ্বংস ! তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ? মানুষ ছাড়া প্রত্যেক প্রাণী তার একথা শুনতে পায় । আর মানুষ যদি একথা শুনতে পেত তবে সে অবশ্যই বেহুশ হয়ে যেত । ' (বোখারী)

হাদিসের বর্ণনা দ্বারা এও জানা যায় যে, মৃত্যুর পর মুমিন বান্দাগণ একে অপরের সাথে সাক্ষাৎ করেন । আর নবাগত মুমিন ব্যাক্তির কাছে অপরাপর মুমিন ব্যাক্তিরা জিজ্ঞেস করে - অমুকের অবস্হা কি ? সে কি অবস্হায় আছে ?

হযরত সাঈদ ইবনে জুবায়ের (রাঃ) বলতেন, কারো মৃত্যু হলে কবরের জীবনে তার মৃত সন্তানগণ তাকে এমনভাবে সম্বর্ধনা জানায়, যেরূপ পার্থিব জীবনে কোন বহিরাগতকে সম্বর্ধনা জানান হয় ।


হযরত ছাবেত বানানী (র.) বলেছেন, কারো মৃত্যুর পর কবর জীবনে তার পূর্বে মৃত নিকটত্নীয়গণ তার কাছে এসে তাকে ঘিরে ধরে । তারা পরষ্পর এত বেশী খূশী হয়, যেমন পার্থিব জীবনে বহিরাগত কারো আগমণ হলে তার সাথে সাক্ষাতে খূশী হয়ে থাকে ।

হযরত কায়েস ইবনে কোবায়সাহ (রহ.) বলেন, রাসূলূল্লাহ (সাঃ) বলেছেন, কেউ মুমিন অবস্হায় মৃত্যুবরণ না করলে তাকে অন্যান্য মৃতদের সাথে কথোপকথনে অনুমতি দেয় হয় না । জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলূল্লাহ (সা.) ! মৃতরা কি একে অন্যের সাথে কথা বলতে পারে ? রাসূলূল্লাহ (সা.) বলেন, হা কথা তো বলেই । তদুপরি একে অপরের সাথে দেখা সাক্ষাৎও হয় ।

মা আয়েশা (রা.) বলেন, রাসূলূল্লাহ (সা.) বলেছেন, যে ব্যাক্তি তার মুসলমান ভাইয়ের কবর জিয়ারত করে এবং তার কবরের পাশে বসে, কবরে সমাহিত ব্যাক্তি তাকে তার সালামের জবাব দেয় এবং জিয়ারতকারী চলে আসা পর্যন্ত তাকে চিনতে ও বুঝতে সক্ষম হয় ।


সূত্রঃ মরণের পরে কি হবে ? আল্লাম জালালুদ্দিন সূয়ুতী (রহঃ) । শর্ষীণা লাইব্রেরী, বাংলা বাজার । ঢাকা ।
Related Posts Plugin for WordPress, Blogger...